কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে ‘বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন ও বৃহত্তর কুমিল্লার জনসাধারণের উদ্যোগে’ এ সমাবেশ আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সমাবেশে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দেয়া হয়, সাত দিনের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা দেয়া না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেয়া হবে।
বক্তারা বলেন, একটি বিভাগ হওয়ার জন্য সব যোগ্যতা থাকার পরও কুমিল্লাকে যুগের পর যুগ ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। কুমিল্লার মানুষ বিভাগের জন্য আন্দোলন করেছে, বিভাগ হয়েছে রংপুরে, কুমিল্লার মানুষ আন্দোলন করেছে, বিভাগ হয়েছে ময়মনসিংহে। প্রতিবারই দেখা গেছে, যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার সময় হয় বা দ্বারপ্রান্তে থাকে, তখনই শুরু হয় ষড়যন্ত্র।
কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ (ইয়াছিন)। তিনি বলেন, ‘কুমিল্লাকে আর বঞ্চিত করে রাখার সুযোগ নেই। ষড়যন্ত্র করে কুমিল্লা বিভাগকে আর আটকে রাখা যাবে না। আজকের এ সমাবেশে দেখলাম শিশুরাও এসেছে মা-বাবার সঙ্গে। তার মানে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগের ঘোষণা আটকে রাখার সাধ্য আল্লাহ ছাড়া আর কারো নেই।’
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) বলেন, ‘কুমিল্লা সমতটের রাজধানী, কুমিল্লা ত্রিপুরার রাজধানী। টালবাহানা করে কুমিল্লাকে আর দাবিয়ে রাখার সুযোগ নেই। দ্রুত কুমিল্লা বিভাগের ঘোষণা দিতে হবে। না হলে কুমিল্লার মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেবে, দেশ অচল করে দেয়া হবে।’
মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘কুমিল্লার মানুষের এ দাবির সঙ্গে জামায়াতে ইসলামী একাত্মতা পোষণ করছে। শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশের কারণে কুমিল্লায় বিভাগ হতে দেননি।’
বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী বলেন, ‘সব যোগ্যতা থাকার পরও কুমিল্লাকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখন দেখি নোয়াখালীর মানুষ বিভাগের জন্য আন্দোলন করে, কুমিল্লাকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে, বিষোদ্গার করছে। আমি ভিডিওতে কুমিল্লা বিভাগের যৌক্তিকতা তুলে ধরে তাদের এসব বিষোদ্গারের প্রতিবাদ করেছি। এজন্য আমাকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। কুমিল্লার মানুষ এখনো ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিচ্ছে। আমরা যদি রাস্তায় নামি, নোয়াখালীর মানুষ চলাচলের পথও পাবে না।’
সমাবেশে আরো বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামন আমির, কল্যাণ পার্টির মহানগরের সভাপতি শহীদুর রহমান, এবি পার্টির মহানগরের আহ্বায়ক জিএম সামদানী, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম, তোফায়েল আহমেদ, প্রবাসী সোহেল রানা, কনটেন্ট ক্রিয়েটর ইসরাত জাহান, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।










