বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের ছোট বোন শিউলী খানম (৫৭) মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বাদ আসর মোক্তারপাড়া জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। পরে আনুমানিক সাড়ে ৫টায় নেত্রকোনা পৌর শহরের সাতপাই কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শিউলী খানম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে প্রথমে তাকে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেয়া হয়।

শিউলী খানম মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং গৃহিণী ছিলেন। তিনি স্বামী, সন্তান, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার স্বামী নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন। বড় মেয়ের স্বামী বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কর্মরত। এক ছেলে পড়াশোনা শেষ করে ব্যবসা করছেন। ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পরিবারের বাসা নেত্রকোনা জেলা শহরে।