সারা দেশের মতো লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরে কর্মরত রানিং স্টাফ-শ্রমিক-কর্মচারীদের ‘মাইলেজ বিল’ কর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতির পালনের ঘোষণা দিয়েছেন রেলওয়ে কর্মচারীরা।

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল রেলওয়ে প্ল্যাটফর্মে প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন সমিতির লালমনিরহাট শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. রায়হান।