ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

আজ সোমবার (১১ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 'বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়' শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা।

জোনায়েদ সাকি বলেন, বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। সেটাই আমাদের সমাজের সবচেয়ে বড় অর্থনৈতিক গুরুত্ব হওয়া উচিত। আমাদের মতো অর্থনীতিকে যদি বিকশিত করতে হয় তাহলে ক্ষুদ্র ও মাঝারি অর্থনীতিকে একটি বড় ভিত্তি হিসেবে নিতে হবে। তাদের সে সাপোর্ট দরকার। সেখানে সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে। ব্যবসা শুরু করার ক্ষেত্রে তাদের অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। ব্যবসার শুরু থেকে ব্যাংক লোন— সব জায়গায় হয়রানির শিকার হতে হয়। সেই জায়গায় ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষা-স্বাস্থ্য ও কাঠামোগত দিকে বড় ধরনের বিনিয়োগ করতে হবে। একটি দেশের অর্থনৈতিক বিকাশের জন্য সেটার ভিত্তি মজবুত হতে হয়। এসব দিকে বিনিয়োগ দ্রুত ফলাফল দেবে না। এসব ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়ানো দরকার। এছাড়া এসব ক্ষেত্রে দক্ষতা বাড়াতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।