রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে জিএম কাদেরের বাড়িতে থাকা একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলাসহ ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার (২৯ মে) বিকালে ঢাকা থেকে রংপুর নগরীর নিউ সেনপাড়ার বাসভবন স্কাইভিউতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাত পৌনে ৯টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা, ইটপাটকেল হাতে নিয়ে জিএম কাদেরের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বাগানে থাকা ৩টি মোটরসাইকেল ভাংচুর ও একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তারা চলে যায়। খবর পেয়ে পুলিশ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা স্কাইভিউতে ছুটে আসেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।