চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রোববার মালয়েশিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া ২০২৬ প্রদর্শনী পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রতিরক্ষা প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ও বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে।
আগামী ২১ এপ্রিল তিনি ৮ম পুত্রজায়া ফোরামে অংশ নেবেন। এ ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক নীতি ও কৌশল নিয়ে আলোচনা হবে। সফরকালে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।










