দেশে হাম ও হামের উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন উপসর্গে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ২৩২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছে। একই সময়ে ঢাকায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ মারা গেছে।
এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৬ জন এবং সিলেট বিভাগে ২০০ জন মারা গেছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ৫০৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া চট্টগ্রামে ২৪৮ জন, বরিশালে ১১৬, সিলেটে ১০৮, খুলনায় ৯৬, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ৪১ ও রংপুরে ৩৬ জনের সন্দেহজনক হাম দেখা দিয়েছে।
আর এ সময়ে যাদের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে তারা সবাই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪১ জন।










