নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের গোধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন— শাহরিয়ার শাকিল (৪৫) ও তার মেয়ে সামাইরা খাতুন (৮)। শাকিল বেক্সিমকো গ্রুপে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে কুষ্টিয়া থেকে বগুড়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তারা।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, কুষ্টিয়া থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও মেয়ের।
দুর্ঘটনায় শাহরিয়ার শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী ও গাড়িচালক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রেখেছে পুলিশ।










