কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোনাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই ব্যক্তির নাম রহিম উদ্দিন (৬০)। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হন রহিম উদ্দিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি।
এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।










