কক্সবাজারের চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় গত ১৪ অক্টোবর হাতির মৃত্যুর ঘটনায় কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে গতকাল বুধবার (২৩ অক্টোবর) এ ব্যবস্থা নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণীর সুরক্ষায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও ঘটনার তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (চট্টগ্রাম) আহ্বায়ক করে বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী ১ (চট্টগ্রাম) এবং চট্টগ্রাম বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো)। কমিটিকে সুপারিশমালাসহ আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং আশপাশের এলাকায় হাতির সুরক্ষা ও মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনের বিষয়ে সুপারিশমালা প্রদানের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসককে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা ফিরোজ, অধ্যাপক ড. মনিরুল এইচ খান, আইইউসিএনের একজন প্রতিনিধি, কোরিয়ান ইপিজেডের ২ জন প্রতিনিধি, ইউএস ফরেস্ট সার্ভিসের কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল মোতালেব, সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রুবাইয়া আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুনতাসির আকাশ, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।









