জনস্বার্থে হিসাব পেশার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগ এগিয়ে নিতে যৌথ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। বুধবার রাজধানীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ভবনে পরিষদ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. মাহবুব উল আলম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাব্বীর আহমেদ, কাওসার আলম, আসিফুর রহমান, মোহাম্মদ রেদওয়ানুর রহমান ও মো. মনিরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠানের সভাপতি সাব্বীর আহমেদ জানান, জাতীয় স্বার্থে তাদের যৌথ ভূমিকা রাখা প্রয়োজন। বিশ্বব্যাপী পেশাদার হিসাবসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, যার ফলে মেধাবী শিক্ষার্থীরা এ পেশায় আগ্রহী হচ্ছে। বাংলাদেশেও হিসাব পেশার প্রসার এবং জাতীয় অগ্রযাত্রায় নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।
কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠানের সভাপতি কাওসার আলম জানান, জাতীয় স্বার্থ এবং নীতিনির্ধারণী বিষয়ে একসঙ্গে কাজ করা তাদের নৈতিক দায়িত্ব। এই যৌথ উদ্যোগের মাধ্যমে জাতীয় পর্যায়ে জোরালো ভূমিকা রাখা সম্ভব হবে এবং তারা হিসাব পেশার প্রধান মুখপাত্র হিসেবে কাজ করতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের একটি মূল ভিত্তি হিসেবে কাজ করবে। এর প্রধান লক্ষ্য হলো হিসাব পেশার মর্যাদা বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষ অর্জনের পাশাপাশি জনস্বার্থে কাজ করা।
এই চুক্তির অধীনে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে পেশাগত প্রশিক্ষণ, গবেষণা, প্রকাশনা এবং নীতিনির্ধারণী সহায়তা জোরদারের ক্ষেত্র তৈরি করবে। এর পাশাপাশি পেশাগত সম্মেলন, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।
পেশাগত ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন নিয়ন্ত্রক ও সরকারি কর্তৃপক্ষের কাছে যৌথভাবে বক্তব্য উপস্থাপনের সুযোগও এ চুক্তিতে রাখা হয়েছে।
দেশের হিসাব পেশার আন্তর্জাতিক অবস্থান আরো শক্তিশালী করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পেশাজীবী সংস্থায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে অংশগ্রহণের উদ্যোগ নেবে।
এই চুক্তির বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য উভয় প্রতিষ্ঠানের সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে একটি যৌথ সমন্বয় কমিটি গঠন করা হবে।










