বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিতর্ক উৎসব-২০২৫। ‘ঘুচে যাক দূরত্ব পথের ও মতের’ স্লোগানে ২৮ ও ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এ উৎসব আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার ছিল বণিক বার্তা। এর আগে ২০২৩ সালে বিইউডিএস প্রথম ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল আয়োজন করেছিল।

ইভেন্টটিতে ট্যাব রাউন্ডে দেশসেরা ৩২টি দল অংশগ্রহণ করে এবং প্রতিটি দল চারটি করে ডিবেট করে। ডিবেট আয়োজন করা হয় এশিয়ান পার্লামেন্টারি (এপি) সিস্টেমে। ট্যাব রাউন্ড থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালে যায়। ফাইনাল রাউন্ডে যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ডিবেটিং সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিবেটিং সোসাইটি। ফাইনাল রাউন্ডের মোশন ছিল ‘এই সংসদ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে নিজস্ব ক্ষেত্রে সফল (ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ইত্যাদি) ব্যক্তিদের প্রাধান্য দেবে।’ সরকারি দলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বিরোধী দলে ছিল চুয়েট ডিবেটিং সোসাইটি। বিতর্কে বিজয়ী হয় চুয়েট ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন, ‘বিতর্কের মূল উদ্দেশ্য থাকে মানুষের মনের পরিবর্তন আনা, যুক্তির মাধ্যমে মানুষের নিজের চিন্তা-ভাবনা অন্যের কাছে পৌঁছে দেয়া। তারই ধারাবাহিকতায় আমাদের ইভেন্টটির আয়োজন করা হয়েছিল। আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশসেরা বিতার্কিকদের একটা মঞ্চে নিয়ে আসা, যাতে বিভিন্ন অঞ্চলের বিতার্কিকরা নিজেদের সংস্কৃতি অন্যের সামনে তুলে ধরতে পারেন এবং সত্যকে তুলে ধরতে পারেন।’

বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের মেধা বিকাশে সাহায্য করে। এ ধরনের আয়োজন আরো হোক। এমন আয়োজনে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।’