গবেষক নাট্যাচার্য সেলিম আল দীনের ১৬তম প্রয়াণ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ নাট্যোৎসব।
আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ইস্রাফিল আহমেদ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১৪ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৬টায় নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যকার ও অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম, নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। এর আগে ওই দিন সকাল ১০টায় স্মরণযাত্রার আয়োজনের পর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত হবে বিশেষ সেমিনার। 'শেষ নাহি যে' শিরোনামে এ সেমিনারের প্রধান আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক লুৎফর রহমান।
উদ্বোধনের পর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের গান। গান গাইবেন ফাহমিদা নবী এবং নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। এদিন রাত ৮টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ইউসুফ হাসান অর্কের নির্দেশনা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় অনুষ্ঠিত হবে নাটক 'স্বর্ণবোয়াল’।
নাট্যোৎসবের দ্বিতীয় দিন ১৫ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬টায় সেলিম আল দীন স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. রাশেদা আখতার। এ দিন সন্ধ্যা ৭টায় রেজা আরিফের নির্দেশনা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় অনুষ্ঠিত হবে নাটক 'মাদার কারেজ অ্যান্ড হার চিল্ড্রেন'।
১৬ জানুয়ারি (সোমবার) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফসহ প্রমুখ। এদিন সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনা এবং ঢাকা থিয়েটারের পরিবেশনায় অনুষ্ঠিত হবে নাটক 'নিমজ্জন'।










