আজ ১১ ডিসেম্বর মুন্সিগঞ্জ হানাদারমুক্ত
দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তান বাহিনী মুন্সিগঞ্জ ছেড়ে যায়।
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায়
জেলা প্রশাসকের কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ও জেলা
প্রশাসনের সহযোগিতায় বের হয় বর্ণাঢ্য বিজয় র্যালি। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক
ঘুরে সুপারমার্কেট চত্বরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ
নেন বীর মুক্তিযোদ্ধারাসহ স্থানীয় নানা শ্রেণী-পেশার মানুষ।
একাত্তরের নয় মাস মুন্সিগঞ্জের বিশাল ক্যানভাস ছিল রক্তমাখা। রক্তক্ষয়ী যুদ্ধ ও বিভীষিকাময় অবরুদ্ধ জীবনের পর ১৯৭১ সালের ১১ ডিসেম্বর হানাদারমুক্ত হয় এ জেলার মানুষ।
জেলার বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধ আর
মুক্তিযোদ্ধাদের একের পর এক সফল অপারেশনের ফলে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প থেকে ১১
ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী মুন্সিগঞ্জ শহর ছেড়ে পালায়। গা-ঢাকা দেয় পাকিস্তানি
বাহিনীর সহযোগী রাজাকাররা। এর আগে মুক্ত হয় টঙ্গিবাড়ী, সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং,
গজারিয়া উপজেলা।
দিবসটি ঘিরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন ও সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে।










