মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে শিক্ষার প্রসার ঘটে। জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তাই তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন, বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান, বৃত্তি প্রদান, বিনা মূল্যে পাঠ্যবই প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।

গতকাল নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে ‘শ্রীরামকাঠী মহাবিদ্যালয়’ নামে একটি নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এসএম রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ বেপারীসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রীরামকাঠী, শেখমাটিয়া, সদর উপজেলার  কলাখালী, শিকদার মল্লিক ইউনিয়নের শিক্ষার্থীদের কলেজে লেখাপড়ার কোনো ভালো ব্যবস্থা না থাকায় এখানে একটি কলেজ স্থাপন করা হয়। চলতি বছরের ৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ওই কলেজটি স্থাপনের অনুমতি দেয়।

মন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শিক্ষা বিস্তারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। তার নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন বিভাগে ও জেলায় মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও রয়েছে তার। তিনি প্রতি জেলায় সরকারি পর্যায়ে আধুনিক মডেল শিক্ষাপ্রতিষ্ঠান করে দেবেন।

শিক্ষাবান্ধব সরকার নিয়ে তিনি আরো বলেন, শিক্ষা বিস্তারে এত অর্থ বরাদ্দ দেশের ইতিহাসে অতীতের কোনো সরকার দেয়নি। যেটা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দিয়েছে। শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা দিয়েছেন। তিনি মনে করেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের পেছনে রেখে একটি জাতি সামনে এগিয়ে যেতে পারে না। আমরা শিক্ষানির্ভর, আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে চাই। শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয় বরং শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। যে শিক্ষা একজন ব্যক্তিকে কারিগরিভাবে সক্ষম করে তুলবে, স্বাবলম্ব্বী করে তুলবে ও কর্মসংস্থান সৃষ্টি করবে। সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

এর আগে মন্ত্রী শ্রীরামকাঠী ইউপি-কালীবাড়ি হাট সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের কাছে বক্স কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন এবং শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।