আদালতের বিচারাধীন মামলার ডকেট সংরক্ষণ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে সরকার। দীর্ঘদিন এসব গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আদালতের সেরস্তা শাখা সংরক্ষণ করে আসছিল। এখন থেকে এ দায়িত্ব পালন করবে কোর্ট পুলিশ কর্মকর্তা।
গতকাল রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জিপি-পিপি শাখার জারিকৃত পরিপত্রটির মামলার ডকেট সংরক্ষণসংক্রান্ত দফা বাতিল করা হলো। একই সাথে আদালতের বিচারাধীন মামলার ডকেট কোর্ট পুলিশ কর্মকর্তার হেফাজতে থাকবে।
পরিপত্রে আরো বলা হয়েছে, মামলার সাক্ষ্য গ্রহণ বা শুনানির জন্য ধার্য তারিখের আগে কেস ডকেট হস্তান্তর ও সাক্ষ্য গ্রহণ বা শুনানি শেষে পুনরায় সেটা গ্রহণের ক্ষেত্রে কোর্ট পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় কর্মপন্থা অবলম্বন ও রেকর্ডপত্র সংরক্ষপূর্বক সর্বদা পারস্পারিক সমন্বয় ও সমঝোতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।
আদালত সূত্রে জানা যায়, বিগত সময়ে জজ কোর্টের ক্ষেত্রে মামলার ডকেট সংরক্ষণ করা হতো সেরস্তায়। আর হাইকোর্টের ক্ষেত্রে মামলার ডকেট সংরক্ষণ করা হতো সেকশন নামের একটি বিভাগে।










