ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে গতকাল বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকে পড়েছে চারটি ফেরি। এছাড়া পাটুরিয়ায় আটটি ও দৌলতদিয়াঘাটে আরও দুটি ফেরি আটকিয়ে রাখা হয়েছে। 

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারি জেনারেল ম্যানেজার আবদুস সালাম জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ৩টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দূর্ঘট্না এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

ওই সময় মাঝ পদ্মায় আটকে পড়ে হামিদুর রহমান, বনলতা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও হাসনা হেনা নামের ফেরিগুলো।

এদিকে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া পাড়ে আটকে পড়েছে অর্ধ শত যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

ঘন কুয়াশার প্রকোপ কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান আবদুস সালাম।