জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আমাদের ইমামরা আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। যেহেতু তারা নিজেদেরকে আদর্শবান হিসেবে সমাজে জায়গা করে নেন। ঠিক সেইভাবে ভালো আচরণের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। কারণ সমাজের অনেক মানুষ ইমামদের অনুসরণ করে। ইমামদের কথা অনেক মানুষ শোনে। তাদের কথা অনেকে মেনে চলে।’
গতকাল দুপুরে মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শরিফুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমামরা। পরে একই স্থানে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।










