নারায়ণগঞ্জে শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। আজ বুধবার সকালে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিন সরকারি তোলারাম কলেজের ৬০০ এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়।

 

সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজসহ জেলা প্রশাসন ও  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।  

 

স্বাস্ব্যবিধি মেনে ছেলে-মেয়ে আলাদা বুথে এ টিকা দেয়া হয়।ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

 

জেলা প্রশাসক জানান, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সোয়া লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে কভিড-১৯ প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। সেই লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে নগরীর আরো তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেয়া শুরু হবে। আগামি ১০ থেকে ১৫ দিনের মধ্যে ২৫ হাজার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

তবে ফাইজারের টিকা চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় উপজেলা পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, সে কারণে আপাতত উপজেলার শিক্ষার্থীদের জেলা শহরে এসে টিকা নিতে হবে।