জার্মানিতে ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আজ শুরু হচ্ছে নকআউটের উত্তাপ। ২৪ দলের লড়াইটা এখন নেমে এসেছে ১৬ দলে। শেষ ষোলোয় আজ দুটি ম্যাচ মাঠে গড়াবে। বর্তমান চ্যাম্পিয়ন ইতালি খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে, আর স্বাগতিক জার্মানির প্রতিপক্ষ ডেনমার্ক। বার্লিনে ইতালি-সুইজারল্যান্ড ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়, ডর্টমুন্ডে রাত ১টায় শুরু হবে জার্মানি-ডেনমার্ক দ্বৈরথ।
গতবার ওয়েম্বলি ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা উৎসব করা ইতালি সবসময়ের মতো এবারো ধীরলয়ে সূচনা করেছে। গ্রুপ পর্বে আলবেনিয়াকে হারানোর পর স্পেনের কাছে হেরে বসে। যদিও শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ৯৮ মিনিটের গোলে ড্র করতে সমর্থ হয় আজ্জুরিরা। এই ড্রতে তারা গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটে ওঠে, আর বিদায় নেয় ক্রোয়েশিয়া।
আজ সুইসদের হারাতে হলে স্বরূপে ফিরতে হবে ইতালিকে। কেননা গ্রানিত শাকা, শাকিরিদের দলটি এই আসরে দারুণ খেলছে। গ্রুপ ম্যাচে জার্মানির বিপক্ষে ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল সুইসরা। জিতলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতো। যদিও যোগ করা সময়ের গোলে ম্যাচটি ড্র করতে সমর্থ হয় জার্মানি। এতে স্বাগতিকরা গ্রুপ চ্যাম্পিয়নও হয়।
সুইসরা হাঙ্গেরিকে হারিয়েছে, আর ড্র করেছে স্কটল্যান্ড ও জার্মানির সঙ্গে। তাদের সঙ্গে আজ সতর্ক হয়েই খেলতে হবে ইতালিকে।
এখন পর্যন্ত ২৩ বারের মুখোমুখিতে ইতালি ১০টি ও সুইজারল্যান্ড ৩টি ম্যাচে জয়লাভ করেছে, ড্র হয়েছে ১০টি। বড় আসরে এটা দুই দলের পঞ্চম লড়াই। ১৯৫৪ সালের বিশ্বকাপে দুবারের দেখায় দুবারই জিতেছে সুইজারল্যান্ড। এছাড়া ১৯৬২ সালের বিশ্বকাপ ও ২০২০ সালের ইউরোর গ্রুপ পর্বে জিতেছে ইতালি। আজ কাদের দিন?
এদিকে টনি ক্রুস, ইকাই গুন্দোয়ানদের জার্মানি আজ ফেভারিট হিসেবেই নামছে ডেনমার্কের বিপক্ষে। এখন পর্যন্ত ২৮ ম্যাচের মুখোমুখিতে জার্মানরা ১৫টি ও ডেনমার্ক ৮টি জিতেছে, বাকি ৫টি ম্যাচ ড্র হয়।
সর্বশেষ ২০২১ সালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুটি দল, যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই দলের সর্বশেষ চার ম্যাচের তিনটিই ড্র হয়েছে।
বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে বড় আসরে এটা হবে দুই দলের পঞ্চম লড়াই। দুটি দল সমান দুটি করে ম্যাচ জিতেছে। নকআউটে দেখা একবার। ১৯৯২ আসরে ২-০ গোলের জয় পায় ডেনমার্ক। ২০১২ সালের ইউরোতে জার্মানি ২-১ গোলের জয় পায়।










