টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের পেছনে  মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। সোমবার রাত ৮টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির সদস্য নুরুল ইসলাম  ও সোহেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন (২৪)। লালন জামালপুর সদরের গজারহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন জানান, ধর্ষণ মামলার আসামির মেডিকেল পরীক্ষা শেষে ঢাকা থেকে জামালপুর ফেরার পথে গোলাবাড়ি এলাকায় একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য ও ধর্ষণ মামলার আসামির মৃত্যু হয়। এ সময় আহত হন আরো দুজন।