ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় এক বিষয়ের দিনে পরবর্তী দিনের প্রশ্ন খুলে ফেলা হয় সম্প্রতি। যার প্রেক্ষিতে পরবর্তী পরীক্ষা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এ নিয়ে বিভাগ থেকে বলা হচ্ছে, পরীক্ষাটি পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

গত ২৮ সেপ্টেম্বর ৪০৭ নম্বর কোর্স ডেভেলপিং অব মুসলিম আর্টস অ্যান্ড আর্কিটেকচারের পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। এ সময় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য ৪০৮ নম্বর কোর্স মুসলিম হিস্ট্রিওগ্রাফি : খিলাফত, সালতানাত অ্যান্ড মুঘল ইন্ডিয়ার প্রশ্নপত্র খোলা হয়।

পরীক্ষার্থীরা জানান, নিয়মানুযায়ী পরীক্ষা কমিটির সদস্যদের বাইরে পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ পেলে তা ‘ফাঁস হয়েছে’ ধরে নেয়া হয়। এ জন্য পরবর্তী পরীক্ষাটি যথা সময়ে অনুষ্ঠিত হবে কি-না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এখন কর্তৃপক্ষ বলছে, যথাসময় অর্থাৎ ১ অক্টোবরের পরীক্ষা সেদিনই হচ্ছে।

পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক ড. নুসরাত ফাতেমা এবং সদস্য ছিলেন অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ও অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। আগামীকালের পরীক্ষা হবে কি-না জানতে চাইলে আজ শুক্রবার কমিটির সভাপতি ড. নুসরাত বলেন, ১ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে। যথাসময়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ বিষয়ে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পরীক্ষা কমিটির সভাপতি ও সদস্যদের ভুলে এ ব্যপারটি সংঘটিত হওয়ায় পরীক্ষা হলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের কয়েকজন শিক্ষক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এটি মারাত্মক দায়িত্ব অবহেলা বলে মনে করছেন। তবে এ ঘটনাকে দায়িত্ব অবহেলা মানতে নারাজ পরীক্ষা ড. নুসরাত।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দায়িত্ব পালন করা হয়েছে। আর কাজ করতে গেলে ছোটখাট ভুল-ত্রুটি হতেই পারে। আগামীকালই পরীক্ষা হবে।