মেহেরপুরের গাংনীর হাড়াভাঙ্গা গ্রামে মানসিক প্রতিবন্ধী ছেলের ধারালো অস্ত্রের কোপে পিতা আফেল উদ্দীন (৫৮) নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দীন হাড়াভাঙ্গা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, সকালে নিজ বাড়িতে বসেছিলেন বৃদ্ধ আফেল উদ্দীন। এ সময় ছেলে সুজন এসে তরকারি কাটার বটি দিয়ে আকস্মিক পেছন থেকে ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই আফেল উদ্দীন মারা যান। প্রতিবেশীরা সুজনকে ধরতে গিয়েও ব্যর্থ হয়।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, সুজন ভালো ছাত্র ছিল। ২০০০ সালের দিক থেকে তার মানসিক সমস্যা দেখা দেয়। তারপর থেকে চিকিৎসা করে মাঝে মাঝে ভালো থাকে আবার মাঝে অসুস্থতা দেখা দেয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। সুজনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।