নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পিরোজপুর ইউনিয়নের ছয় গ্রামের প্রায় সাড়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগসহ ৬ কিলোমিটার গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযানে এ সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় স্থানীয় নারী-পুরুষ একত্রিত হয়ে পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়েছে।

তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপণন কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাসা বাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছে।  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬ কিলোমিটার এলাকার পাইপ লাইন তুলে নেয়া হয়। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান সহ তিতাস গ্যাসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য।