সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টাকালে ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

নৌবাহিনী সূত্র গতকাল জানায়, শনিবার মাঝরাতে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ তাদের থামার সংকেত দিলে বোটটি তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়।

অভিযানকালে বোটটিতে থাকা দালাল চক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে সমুদ্রপথে যাত্রা করেছিলেন।

নৌবাহিনী আরো জানায়, আটক বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না। এমনকি যাত্রার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। ফলে গভীর সমুদ্রে এ যাত্রা একটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারত।

আটক বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী। দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রপথে মানব পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক ও অঙ্গীকারবদ্ধ থাকার কথাও জানিয়েছে তারা।