চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তে স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১৪০ দশমিক ৫৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ, মোটরসাইকেল ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তির নাম হাসেম বিশ্বাস (৪৮)। তিনি দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার দুপুরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সন্ধ্যার দিকে মোটরসাইকেলে এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে থামার সংকেত দেয় বিজিবি। এ সময় তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
তল্লাশিতে তার লুঙ্গির ভাঁজে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়, যার ভেতর থেকে স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। আটক ব্যক্তি ও জব্দ মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।










