মেহেরপুরের গাংনী থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চৌগাছা গ্রামে একটি বাড়ির সামনে থেকে বোমা ও চিরকুট উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়ির মালিক আনিসুর রহমান শেখ।
স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে বোমা সদৃশ বস্তুটি দেখে গাংনী থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ বোমাটি উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আনিসুর রহমান এক ব্যক্তির বাড়ির সামনে লাল টেপ মোড়ানো একটি বোমা ও চিরকুট দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এ খবরের ভিত্তিতে বোমা ও চিরকুট উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বোমাটি পানি ভর্তি বালতিতে ডুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভয়ভীতি প্রদর্শনের জন্য এমনটি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।










