রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাপের কামড়ে আদিত্য শীল (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দীন।
নিহত আদিত্য শীল বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামের বিবেক চন্দ্র শীলের ছেলে। সে সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
জানা গেছে, শুক্রবার রাতে আদিত্য ও তার ভাই কৃষ্ণ শীল খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১টার দিকে আদিত্য বুঝতে পারে, তাকে সাপে কেটেছে। এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা সাপটিকে দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে।
পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা আহত আদিত্যকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। ওঝা কিছু ঝাড়ফুঁক করেন। কিন্তু তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। পরে আদিত্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, জানা গেছে, সাপের কামড়েই স্কুলছাত্র আদিত্য শীলের মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।










