নেত্রকোনা সদর ও কেন্দুয়ায় পৃথক অগ্নিকাণ্ডে একটি বাসা ও পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ভোর ও দুপুরে এসব ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জেলা শহরের আখড়ার সামনে অজহর রোড এলাকার আলাউদ্দিনের ঘরে বেলা পৌনে ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ওই ঘর ও সামনের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
অন্যদিকে গতকাল ভোরে কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের গগ্ডা নতুন বাজারের শহীদ মিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে শহীদ মিয়া মার্কেটের হূদয় মিয়ার ব্যাটারি ও ইঞ্জিনের যন্ত্রাংশের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে।
কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।










