ঈদযাত্রায় ভোগান্তি ছাড়া পাটুরিয়া ঘাটে ফেরি-লঞ্চ পার হতে পেরে স্বস্তিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা। ঢাকাগামী পশুবাহী ট্রাক পারাপারও হচ্ছে নির্বিঘ্নে।

ঈদ উপলক্ষে পাটুরিয়া ঘাটে ছোট-বড় ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া ঘাটের আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মোতায়েন আছে পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের যাত্রীবাহী যানবাহন পারাপার বেশ কমে গেছে। কমেছে যাত্রী ভোগান্তিও। তবে ঈদ উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী, যানবাহন ও পশুবাহী ট্রাক নির্বিঘ্নে পারাপার করতে আগেই প্রস্তুতি নিয়েছিল ঘাট কর্তৃপক্ষ।

গত কয়েক দিনে ঈদযাত্রায় পাটুরিয়াঘটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই ফেরি-লঞ্চ পারাপার হচ্ছে যাত্রীরা। যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসগুলো অনায়াসেই ফেরিতে উঠে যাচ্ছে। এতে স্বস্তিতে যাত্রী ও যানবাহন শ্রমিকরা।

বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াছ জানান, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনগুলো নির্বিঘ্নে ও নিরাপদে পারাপারের জন্য ফেরির সংখ্যা বাড়িয়ে ২০টি করা হয়েছে। এরকম দুর্ভোগ ছাড়াই যাত্রীরা ও যানবাহনগুলো পারাপার হচ্ছে।

এদিকে মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান বলেন, ‘ঘাটের শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ফোর্স কাজ করছে। পাশাপাশি পশুবাহী ট্রাকগুলো যেন ঘাটে হয়রানি ছাড়া নির্বিঘ্নে ঢাকার কোরবানির হাটে যেতে পারে সে ব্যাপারে সর্তকতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’