হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের নথিতে অনুমোদন দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি আজ সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান এবং বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে সদস্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুর্নগঠনের নথিতে অনুমোদন দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তিনি এ অনুমোদন দেন। আজই তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে তিনি জানান।

ট্রাইব্যুনালে তিন বিচারক নিয়োগের ফলে অচিরেই জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে আসিফ নজরুল জানান।

অধস্তন আদালতের বিচার কাজের স্থবিরতা দূরীকরণে আগামী বৃহস্পতিবারের মধ্যে সারা দেশের অধস্তন আদালতগুলোতে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করবেন বলেও তিনি জানান।