বরিশালে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় ৮১ লাখ টাকার বাণিজ্য হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি মেলায় আসা ক্রেতাদের কাছ থেকে উদ্যোক্তারা আরো প্রায় ৪০ লাখ টাকার অর্ডার পেয়েছেন।

মেলা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে রোববার রাতে শেষ হয়। বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

মেলায় অংশ নেয় ১৭টি প্রতিষ্ঠানসহ ৬২টি স্টল। যার মধ্যে অধিকাংশেরই স্বত্বাধিকারী ছিলেন নারী উদ্যোক্তারা। স্টলগুলোয় পোশাক ও শীতবস্ত্র, খেলনা, ফাস্টফুডসহ বিভিন্ন প্রক্রিয়াকরণ খাবার ও পানীয়, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী, অঙ্গসজ্জা ও প্রসাধনী, মৃৎশিল্প, কারুশিল্পজাত পণ্য, গৃহসজ্জাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনী করা হয়।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, এবারের মেলার মধ্য দিয়ে বিসিকের সুবিধাভোগী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এ সময় তিনি দক্ষিণাঞ্চলের যোগাযোগ, অবকাঠামো ও বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং উদ্যোক্তাদের জন্য সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধার প্রসঙ্গ উল্লেখ এবং ব্যবসায়ীদের বরিশালের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বিনিয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি এমন মেলা ভবিষ্যতেও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।