পুরো শীতকাল জুড়েই ঢাকার বাতাসের মান খারাপের দিকে থাকে। ছুটির দিনে অফিস-আদালত আর কল-কারখানা বন্ধ থাকলেও এ শহরের বাতাসের মানে তেমন একটা উন্নতি লক্ষ্য করা যায় না।

সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের দূষিত শহর তালিকার ১২৭টি দেশের মধ্যে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার অবস্থান ১২তম। এদিন সকাল ১০টার দিকে ঢাকার বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৫, যাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। ভয়াবহ দূষিত বাতাসের এ শহরের একিউআই স্কোর ৩৮০। ৩৬৩ ও ২৭৭ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও মিশরের কায়রো।

এরপর ২৫২ স্কোর নিয়ে চতুর্থ ভিয়েতনামের হ্যানয়, ২৩৮ স্কোর নিয়ে পঞ্চম ভারতের কলকাতা, ২২৬ স্কোর নিয়ে ষষ্ঠ পাকিস্তানের করাচি, ২১৩ স্কোর নিয়ে সপ্তম কুয়েতের কুয়েত সিটি, ১৭৯ স্কোর নিয়ে অষ্টম চীনের চেংদু, ১৭০ স্কোর নিয়ে নবম চীনের উহান, ১৬৯ স্কোর নিয়ে দশম চীনের চংউইং ও ১৫৬ স্কোর নিয়ে একাদশ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। তালিকায় এরপরই ঢাকার অবস্থান।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।