বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, গত ১৬ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ১ লাখ ৫২ হাজার মামলায় ৬২ লাখ রাজনৈতিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে ফেনীতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মিন্টু বলেন, জুলাই-আগস্টে আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের স্মরণ করতে চাই। গত ১৬ বছরে যারা মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের ভুলে গেলে চলবে না। তাদের অবদানও স্মরণ করতে হবে।

অনুষ্ঠানে মিন্টু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, অতি দ্রুত নির্বাচনের আয়োজন করুন। আমরা জবাবদিহিমূলক সরকার চাই। এ সরকারকে সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। তবে সরকারের কাছে স্পষ্ট রোডম্যাপ চাই। যৌক্তিক সময়ের নামে দীর্ঘ সময়ক্ষেপণ ঠিক হবে না। টেকসই সংস্কার প্রয়োজন, নয়তো তা হবে মূল্যহীন।

তিনি আরো বলেন, বিভক্তির মাধ্যমে সমাধান আসবে না। যারা অন্যায় করেছে, তাদের বিচার হতে হবে। আইন নিজের হাতে নেয়া যাবে না।

মিন্টু আরো বলেন, এ সরকারকে জনগণের সরকার বলা যাবে। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বলা যাবে না।

এ সময় তিনি ফেনীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং পুরোনো দিনের বিভেদ ভুলে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে মিন্টু একটি মামলায় হাজিরা দিতে ফেনীর আদালতে যান।অনুষ্ঠানে ফেনী সিটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, ফেনী জেলা জামায়াত আমির মুফতী আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের প্রমুখ।