চট্টগ্রাম নগরীর তিনটি কেন্দ্র শুরু হয়েছে শিক্ষার্থীদের কভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রায় ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

আজ  মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম গ্রামার স্কুল,লালখান বাজার এলাকার স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল এবং একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের ৮টি বুথে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। 

এসব কেন্দ্রে চট্টগ্রাম কলেজ,বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ (বাওয়া) ও সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ ইলাহী জানান, আগামী ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম ধাপে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। প্রথম ধাপে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। প্রথমদিন তিনটি কেন্দ্রে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হচ্ছে। ধীরে ধীরে কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও টিকার পরিমাণ বাড়ানো হবে। সকল শিক্ষার্থী যাতে ভ্যাকসিনের আওতায় আসে সেজন্য প্রচারণা চালানো হচ্ছে বলেও তিনি জানান।