লালমনিরহাটে ৬ জেএমবি সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ জেএমবিকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান।
আদালত সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালে র্যাবের একটি দল ডায়না ফ্যাশন টেইলার্স নামে লালমনিরহাটের একটি দোকান থেকে ২টি বিদেশি পিস্তল, একটি শটগান, গুলি, বিভিন্ন নামে ২৪টি জিহাদি বইসহ ফজলে রাব্বী, মো. সাহিন, হাসান মাসুদ, শাহ আলম, সোহেল রানা, গোলাম রব্বানী, আজাহারুল ইসলাম ও শফিকুল ইসলাম আলালকে আটক করে। পরে তাদের আসামি করে র্যাব কর্মকর্তা এসআই আসাদুজ্জামান একটি মামলা করেন।
লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন জানান, জেএমবি সদস্য ফজলে রাব্বী, শাহিন, হাসান মাসুদ, শাহ আলম ও সোহেল রানাকে সন্ত্রাস বিরোধী আইনে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় গ্রেফতার জেএমবি সদস্য হাসান মাসুদ, ফজলে রাব্বী ও মো. সাহিনকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এসময় গ্রেফতার আজাহারুল ইসলাম ও শফিকুল ইসলাম আলালকে বেকসুর খালাস দেয়া হয়। একই তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।










