পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে পরপয়েস প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ ২ ফুট। আজ সোমবার সকালে সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে এটি ভেসে আসে। তবে কি কারণে এটির মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত বলতে পারেনি কেউ।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, ধারণা করা হচ্ছে, ডিলফিনটি ভেসে উঠার ৭ থেকে ৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে। কম বয়সী এ ডিলফিনটির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে ।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, খবর শোনামাত্র ঘটনাস্থলে স্থানীয় অফিসের কর্মকর্তাকে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

ডলফিনের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।