সম্পত্তি লিখে না দেয়ায় পিতা শহীদুল হক সাধুকে কুপিয়ে জখম করেছে ছেলে হানিফ। ধারালো অস্ত্রের আঘাতে শহীদুলের হাতের চারটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়েছে। সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উথলী গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

আহত শহীদুলের বড় ছেলে মোস্তফা জানান, ছোট ভাই তার অংশের জমি লিখে নেয়ার জন্য বিভিন্ন সময় ঝামেলা করত। জমি লিখে না দেয়ার জন্য সে বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম করেছে। বাবা আমার নামে জমি লিখে দিতে পারে, এ ধারণা থেকেই সে জঘন্য ঘটনাটি ঘটিয়েছে।

মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, উথলী গ্রামের শহীদুল হক সাধুর দুই ছেলে গোলাম মোস্তফা ও হানিফের মধ্যে বাবার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। হানিফ বখাটে স্বভাবের হওয়ায় অনেক আগেই তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। কিন্তু মাঝেমধ্যে বাড়িতে এসে তার অংশের জমি লিখে দেয়ার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করত। গতকাল সকালে বাড়ির অদূরে একটি চায়ের দোকানে হানিফ তার ওপর আক্রমণ চালায়।