ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য তাসনিম জারা প্রয়োজনীয়সংখ্যক স্বাক্ষর গ্রহণ সম্পন্ন করেছেন। সোমবার বিকালে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে সংগৃহীত স্বাক্ষর জমা দেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো স্বতন্ত্র প্রার্থীকে নিজ নিজ নির্বাচনি এলাকার মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। সে হিসেবে ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারাকে ন্যূনতম ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে।

গত রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাক্ষর সংগ্রহ শুরু করেন তাসনিম জারা। এ লক্ষ্যে প্রথমে খিলগাঁওয়ে একটি ও পরে বাসাবোতে আরেকটি বুথ চালু করা হয়। আজ সোমবার বিকেলে খিলগাঁওয়ের বুথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক দিনেই ৪ হাজার ৬৯৩ জনের বেশি স্বাক্ষর পেয়েছেন তারা। সেই স্বাক্ষর নিয়ে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে গেছেন তাসনিম জারা।

জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোট করার পর দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।