খুলনায় আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন। বিকাল ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

তিনি খুলনার ২২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সঙ্গে নতুন প্রতিশ্রুতির ঘোষণাও দিতে পারেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ সার্কিট হাউজ মাঠে এক জনসভায় এসেছিলেন।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, এরই মধ্যে সার্কিট হাউজ মাঠে পদ্মা সেতু ও নৌকার আদলে সভামঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। 

খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো ২২টি প্রকল্পের তালিকায় রয়েছে গণপূর্ত বিভাগের আটটি প্রকল্প। এগুলো হলো  নগরের সাউথ সেন্ট্রাল রোডে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ভবন, শামসুর রহমান রোডে সিভিল সার্জনের অফিস ভবন ও বাসভবন, পাইকগাছা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষানবিশ প্রশিক্ষণ দপ্তর সংস্কার ও আধুনিকায়ন, বিএসটিআইয়ের ১০ তলা আঞ্চলিক অফিস ভবন, বিটাকের ১০ তলাবিশিষ্ট নারী হোস্টেল ভবন, পাইকগাছা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবনের (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক) কাজ, দৌলতপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের চারতলা ছাত্র হোস্টেল।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের প্রকল্পের মধ্যে রয়েছে সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন (ইকোট্যুরিজম) সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত শেখেরটেক ইকোট্যুরিজম কেন্দ্র।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রয়েছে ১০টি প্রকল্প। এগুলো হলো  ডুমুরিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম তলা একাডেমিক কাম চারতলা প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবন, বয়রা মাধ্যমিক বিদ্যালয়, খুলনা কলেজিয়েট স্কুল, সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসা, নজরুলনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং আরআরএফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটিতে ছয়তলা একাডেমিক ভবন, আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্পের মধ্যে রয়েছে ডুমুরিয়া উপজেলার চরচরিয়া শিবনগর সড়কে ভদ্রা নদীর ওপর ৩১৫ দশমিক ৩০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু।

খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প এবং খুলনা শহরে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় খালিশপুর বিআইডিসি রোডে ড্রেন, ফুটপাত নির্মাণসহ রাস্তা প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের তালিকায় রয়েছে নগরের দৌলতপুরে অতিরিক্ত পরিচালকের ছয়তলাবিশিষ্ট নবনির্মিত অফিস ভবন।

এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য প্রকল্পের তালিকায় রয়েছে খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের আওতায় মাথাভাঙ্গা এলাকায় স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণকাজ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন দিঘলিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক কাম চারতলা প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবন নির্মাণকাজ।

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে খুলনার সব প্রবেশপথসহ প্রধান প্রধান সড়কে তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ। বড়-ছোট সব রাস্তায় শোভা পাচ্ছে ব্যানার ও ফেস্টুন। 

খুলনা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আজ। বঙ্গবন্ধু কন্যাকে বরণের জন্য মঞ্চসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফর  ঘিরে নগরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। 

খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় রয়েছে খুলনাবাসী। জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা পরিণত হবে জনতার মহাসমুদ্রে।’