ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ ও বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ ২ জন নিহত হয়েছে। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বরিশাল সদর উপজেলা বিএনপি নেতা ও চরকাউয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. রিয়াজুল ইসলাম সবুজ (৪০) ও উজিরপুর উপজেলার বাহেরচর গ্রামের রামলাল বাড়ৈর ছেলে সজিব বাড়ৈ (২৫)। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, বরিশালগামী তেতুলিয়া পরিবহনের একটি বাস উজিরপুরগামী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজিব মারা যায়। 

অপরদিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ও চরকাউয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. রিয়াজুল ইসলাম সবুজসহ তিনজন আরোহীসহ মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জে থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে আসছিল। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলার তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।