ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে মঙ্গলবার রাতে বিষ দিয়ে খামারের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামার মালিক বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে আবু হানিফের ছেলে আতিক হাসান এক একর জমি লিজ নিয়ে পোনা মাছ চাষ শুরু করেন। বুধবার সকালে খামারে গিয়ে দেখতে পান মাছ মরে পানিতে ভাসছে।

আতিক হাসান বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময় আমার খামারে বিষ প্রয়োগ করেছে প্রতিপক্ষ। এতে আমার খামারের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ মরে গিয়েছে। এর আগে গত ১৩ মে আমার লিজকৃত আরো দুটি পুকুরে রাতের আঁধারে বিষ দিয়ে ৪ লাখ টাকার মাছের পোনা মেরে ফেলে। ওই ঘটনায় একই এলাকার সুলতানের ছেলে সোহাগ, তার ভাই ও বাবাকে আসামি করে অভিযোগ দেয়ায় হামলা চালিয়ে আমাকে আহত ও মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে তারা। ১৭ মে ভালুকা মডেল থানায় একটি জিডি করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার খামারে বিষ প্রয়োগ করে পোনা মাছ মেরে ফেলেছে।

অভিযুক্ত সোহাগ মিয়া দাবি করেন তাদের নামে যে অভিযোগটি এনেছে তা সঠিক নয়। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।