মনগড়া ও ভিত্তিহীন তথ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের পরিবারকে মুক্তিযুদ্ধবিরোধী বানানোর প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুলের পরিবার। গতকাল সকালে গাংনী থানা সড়কের নিজ বাড়িতে প্রয়াত আব্দুল মান্নানের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তার মেজ ছেলে ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মেহেরপুর জেলা শিরোনামের বইটি রচনা করেছেন গাংনীর কথাসাহিত্যিক রফিকুর রশিদ রিজভী। বইটির প্রকাশক ওসমান গনি। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত ওই গ্রন্থে লেখক তার প্রয়াত বাবা আব্দুল মান্নানকে শান্তি কমিটির সদস্য হিসেবে উল্লেখ করেছেন। এতে তাদের সম্মানহানি করা হয়েছে। সাতদিনের মধ্যে ওই বই থেকে তার বাবার নাম প্রত্যাহার করে লেখককে ক্ষমা প্রার্থনা করতে আইনি নোটিস দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রয়াত আব্দুল মান্নানের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুলসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।