স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘‌যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কারণে মানুষ এখন বিচ্ছিন্ন নয়। উন্নয়নের ফলে দেশে পাহাড় ও সমতলের মানুষ সমানভাবে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘‌দেশের অবকাঠামো খাতে উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক দেখিয়েছেন। দেশের প্রতিটি গ্রামে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে দেয়া হচ্ছে যাতে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য হ্রাস পায়।’

মন্ত্রী গতকাল বান্দরবানের লামা উপজেলায় প্রায় ৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা পরিষদের ভবন উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, ‘‌স্থানীয় সরকারকে শক্তিশালী করলে দেশ সুষম উন্নয়নের ছোঁয়া পাবে। স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণকে আরো আন্তরিকতা ও একনিষ্ঠতার সাথে সেবা করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।’ 

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ‘‌পার্বত্যাঞ্চলের সড়ক উঁচু-নিচু ও আঁকা-বাঁকা। এজন্য পাহাড়ে যেকোনো মালপত্র পরিবহনের ক্ষেত্রে ব্যয় বেশি হয়। পাহাড়ে উন্নয়নকাজ বাস্তবায়নের ক্ষেত্রে একটি বাধা হচ্ছে পরিবহন ব্যয়, যা টেন্ডারে ধরা থাকে না। ’

লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।