চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নেত্রকোণার সদর উপজেলার একটিসহ মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের দেয়া বেসরকারি ফলাফলে এসব তথ্য জানা গেছে।

মোহনগঞ্জ উপজেলায় বিজয়ীরা হলেন- বরকাশিয়া-বিরামপুর ইউনিয়নে মোতাহার হোসেন চৌধুরী (নৌকা), বড়তলী-বানিয়াহারী ইউনিয়নে মো. সোহাগ তালুকদার (ঘোড়া), তেতুঁলিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম চৌধুরী জহর (নৌকা), মাঘান-শিয়াদার ইউনিয়নে আবু বকর সিদ্দিক (নৌকা), সমাজ-সহিলদেও ইউনিয়নে আমিনুল হক সোহেল (নৌকা), সুয়াইর ইউনিয়নে কামরুল হাসান সেলিম (নৌকা) ও গাগলাজুর ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব(নৌকা)।

খালিয়াজুরী উপজেলায় ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৩টিতেই নৌকার পরাজয় হয়েছে। খালিয়াজুরীতে জয়লাভ করেছেন- চাকুয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে শামীম মোড়ল (ঘোড়া), নগর ইউনিয়নে দেবেশ চন্দ্র তালুকদার (আনারস) ও গাজীপুর ইউনিয়নে বিএনপি নেতা আব্দুর রউফ স্বাধীন (আনারস)।

নেত্রকোণা সদর উপজেলার একটি মাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান ফারাস দিলীপ জয়লাভ করেছেন।

গতকাল রোববার চতুর্থ ধাপের এ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা।