নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানের ওপর গুলির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার ও গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ফরিদ সরকার (৩৬), সৈয়দনগর এলাকার রোকন উদ্দিনের ছেলে সাব্বির (৩২), পূর্ব সৈয়দনগর এলাকার আয়েছ আলীর ছেলে মনসুর আহমেদ রানা (৩৪) ও কামারগাঁও এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে মোমেন মোল্লা (৩৯)।
শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় গতকাল দুপুর পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পালপাড়া বাজার রোডের পাশের একটি বাড়ি থেকে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা করেছে।
ওসি বলেন, গুলি করার ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আমরা আহত উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তিনি সুস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন। তাছাড়া এ হামলার ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
এদিকে এ হামলার প্রতিবাদে গতকালও শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ এ সমাবেশ করে। এ সময় দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন নাজিরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান বুলু, ডেপুটি কমান্ডার মোতালিব খান ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারাসহ তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
শনিবার সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান।










