বগুড়ায় স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসাসেবাবিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের মোমো ইন কনভেনশন হলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান।

এতে সভাপতিত্ব করেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ডা. মতিউর রহমান। বক্তব্য দেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন। স্বাগত বক্তব্য দেন ল্যাবএইডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফিরোজ হোসেন খান।

ক্যাম্পে ব্যবসায়ী, চিকিৎসক, উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন। ক্যান্সার সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনা করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. আবু হাসান রুবেল।

ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ, পালস ও ওজন পরিমাপ, স্ট্রিপ পদ্ধতিতে রক্তে শর্করা পরীক্ষা এবং সিনিয়র মেডিকেল অফিসারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা পরামর্শ দেয়া হয়। এতে দেড় শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ নেন।