মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে কামরুজ্জামান (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত কামরুজ্জামান পার্শ্ববর্তী শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে।

শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেম ব্রিজ এলাকার একটি জঙ্গলের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, মরদেহটি সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।