ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলা
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ মে) দুপুরে তৃতীয় দফায়
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক
ফারাহ্ গুল নিঝুম।
সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা
প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৬১টি সাইক্লোন শেল্টার ও
৩৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি দপ্তরে আলাদা কন্ট্রোল রুম
খোলা হয়েছে।
জেলার ৩২টি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম
গঠন করা হয়েছে। ঝড়-জলোচ্ছ্বাস মোকাবেলায় প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের প্রস্তুত থাকার
আহ্বান জানান জেলা প্রশাসক। ঝড় শুরু হওয়ার আগেই নদী তীরের মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে
নিয়ে আসার জন্য বলা হয়েছে।
জেলায় আশ্রয় কেন্দ্রগুলোতে ৮০ হাজার মানুষ
আশ্রয় নিতে পারবে। পাশাপাশি গবাদি পশু রাখার ব্যবস্থাও করা হয়েছে। আশ্রয় নেয়া মানুষের
জন্য পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক ফারাহ গুল
নিঝুম।
এ দিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে
ঝালকাঠিতে সকাল থেকে আকাশ মেঘাছন্ন রয়েছে। গুমোট আবহাওয়া বিরাজ করছে জেলা জুড়ে।
এদিকে সাধারণ মানুষকে সচেতন করতে গতকাল
রাতে রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের পক্ষ থেকে শহরে মাইকিং হয়েছে। তবে কেউ
কেউ আশ্রয় কেন্দ্রে যাননি।










