পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ। আজ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাতে আসেন জার্মানির রাষ্ট্রদূত।
এ সময় পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার জার্মানি। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, জনপ্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে আগ্রহী। পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলবদ্ধতা দূরীকরণে জর্মানির সহযোগিতা বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাষ্টদূত বলেন, বাংলাদেশের পানিসম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি কাজ করতে আগ্রহী। বাংলাদেশকে সহযোগিতায় তার দেশের আগ্রহের কথা জানান তিনি।
দুই দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।










